মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শকদের প্রত্যাশিত সাড়া না পেলেও ওটিটিতে এসে নতুন করে সাফল্যের দেখা পেয়েছে মনোজ বাজপেয়ির অর্থনীতিবিষয়ক থ্রিলার সিনেমা ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। ভারতে প্রাইম ভিডিওর সবচেয়ে বেশি আলোচিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি। সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিন্ময় মান্ডলেকর পরিচালিত ‘গভর্নর’ গত ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৯৯১ সালে ভারতের ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং তৎকালীন রিজার্ভ ব্যাংকের গভর্নর এস ভেঙ্কটারমনের বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে সিনেমাটির বিষয়বস্তু ছিল মূলত অর্থনীতি, রাজনীতি ও প্রশাসনিক জটিলতা ঘিরে। ফলে সাধারণ দর্শকদের মধ্যে প্রত্যাশিত আগ্রহ তৈরি করতে পারেনি ছবিটি। শেষ পর্যন্ত বক্স অফিসে প্রায় সাড়ে ৭ কোটি রুপি আয় করেই ব্যবসায়িকভাবে ব্যর্থতার তালিকায় চলে যায় ‘গভর্নর’।
প্রেক্ষাগৃহে মুক্তির পর গত ২৪ জুলাই প্রাইম ভিডিওতে ভাড়াভিত্তিকভাবে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। সেখানেই প্রথম পরিবর্তন দেখা যায়। মুক্তির পর ভাড়াভিত্তিক সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করে ‘গভর্নর’। এরপর গত ৭ আগস্ট নিয়মিত গ্রাহকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করে দেওয়া হলে পরিস্থিতি আরও বদলে যায়। প্রাইম ভিডিওর ভারতে সবচেয়ে বেশি আলোচিত সিনেমার তালিকায় এক নম্বরে উঠে আসে ছবিটি।
১৯৯১ সালের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে দেখানো হয়েছে, দেশ যখন ভয়াবহ আর্থিক বিপর্যয় ও দেউলিয়াত্বের আশঙ্কার মুখে, তখন একজন প্রশাসনিক কর্মকর্তা কীভাবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি। রাজনৈতিক দ্বন্দ্ব, প্রশাসনিক চাপ এবং সামাজিক অস্থিরতার মধ্যে দেশের অর্থনীতি রক্ষার সংগ্রামকে পর্দায় তুলে ধরেছেন তিনি। তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে।
সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটিতে মনোজ বাজপেয়ির সঙ্গে অভিনয় করেছেন আদা শর্মা, মধু, জিগার সিংসহ আরও অনেকে। প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে এসে ‘গভর্নর’-এর এই সাফল্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে এটি আরও একবার দেখিয়ে দিয়েছে, প্রেক্ষাগৃহে দর্শকের সাড়া না পাওয়া কোনো সিনেমা পরবর্তী সময়ে ভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে নতুন দর্শক তৈরি করতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন