চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভিন্ন ভিন্ন ইস্যুতে পৃথক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় দুই সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন, ফলে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার রাত ১০টার দিকে জিরো পয়েন্ট এলাকায় পৃথকভাবে কর্মসূচি শুরু করে সংগঠন দুটি।
খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় ঘুরে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনটির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
মিছিলে ছাত্রদল নেতারা দাবি করেন, অতীতের মতো বর্তমানে ক্যাম্পাসে সহাবস্থান নষ্টের চেষ্টা চলছে। তারা বলেন, কোনো ধরনের অনিয়ম বা সহিংসতার স্থান বিশ্ববিদ্যালয়ে নেই এবং এসবের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে, জাতীয় সংসদে এক সংসদ সদস্যের হিজাব নিয়ে করা বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং পোশাকের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।
ছাত্রশিবির নেতারা বলেন, সংবিধান অনুযায়ী নাগরিকদের পোশাক নির্বাচনের স্বাধীনতা রয়েছে। জাতীয় সংসদের মতো স্থানে এ ধরনের মন্তব্য অনভিপ্রেত এবং তা প্রত্যাহার করা উচিত। এছাড়া সংগঠনটির নেতারা দাবি করেন, ক্যাম্পাসে অতীতের মতো দমন-পীড়নের প্রবণতা এখনো বিভিন্নভাবে দেখা যাচ্ছে এবং এ বিষয়ে তারা কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানান। পৃথক কর্মসূচির কারণে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন