বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর শুরু থেকেই যেন নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিচ্ছে। ১২ দিনের এই আন্তর্জাতিক উৎসবের প্রথম ছয় দিন শেষ হতেই দর্শক উপস্থিতি, টিকিট বিক্রি এবং বৈশ্বিক আগ্রহে রেকর্ড বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে আয়োজকরা। ২০২৬ সালের ৭৯তম কান উৎসবে অংশ নিতে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫২ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রথম ছয় দিনেই ৩৫ হাজারের বেশি দর্শক, নির্মাতা ও অংশগ্রহণকারী ফ্রান্সের কান শহরে পৌঁছেছেন। উৎসবের প্রধান প্রদর্শনী কেন্দ্রগুলোর প্রায় প্রতিটি সিনেমা প্রদর্শনীই ছিল দর্শকে পরিপূর্ণ।
আয়োজকদের তথ্যমতে, প্রথম ছয় দিনে প্রদর্শিত ১২৪টি চলচ্চিত্র দেখতে টিকিট কেটেছেন ১ লাখ ২ হাজারের বেশি দর্শক। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্রগুলোর টিকিট আগেভাগেই শেষ হয়ে যাওয়ায় দর্শকদের মধ্যেও দেখা গেছে বাড়তি আগ্রহ। শুধু প্রেক্ষাগৃহ নয়, টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারেও এবারের কান উৎসব ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারে বিপুল দর্শক যুক্ত হয়েছেন। একইসঙ্গে উদ্বোধনী চলচ্চিত্র বিভিন্ন সিনেমা হলে একযোগে প্রদর্শনের সময়ও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র বাজার হিসেবেও এবারের আয়োজন বেশ সরব হয়ে উঠেছে। প্রযোজক, পরিবেশক, বিনিয়োগকারী ও ক্রেতাসহ ১৪ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন এবারের উৎসবে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের প্যাভিলিয়নে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রথম কয়েকদিনেই একাধিক আলোচিত সিনেমার আন্তর্জাতিক চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এদিকে এবারের উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান নির্মাতা পিটার জ্যাকসন, হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা এবং কিংবদন্তি গায়িকা-অভিনেত্রী বারবারা স্ট্রাইস্যান্ড। তবে শারীরিক সমস্যার কারণে বারবারা স্ট্রাইস্যান্ড এবার সরাসরি উৎসবে উপস্থিত থাকতে পারছেন না। চলচ্চিত্রপ্রেমীদের মতে, এবারের কান উৎসব শুধু জাঁকজমকেই নয়, দর্শক অংশগ্রহণ ও বৈশ্বিক আগ্রহের দিক থেকেও নতুন এক উচ্চতায় পৌঁছেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন