নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকায় একটি কোরবানির মহিষকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। ‘এস এস ক্যাটেল ফার্ম’-এ রাখা এই অ্যালবিনো জাতের মহিষটির নাম দেওয়া হয়েছে ‘নেতানিয়াহু’—যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে বলে জানান খামারিরা। খামার কর্তৃপক্ষ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মহিষটির আক্রমণাত্মক স্বভাব এবং শারীরিক বৈশিষ্ট্যের মিল থাকায় নামটি দেওয়া হয়েছে। দুই শিংয়ের মাঝের গঠন, চোখের তীক্ষ্ণ দৃষ্টি এবং আচরণগত দিক থেকে এটি তুলনামূলকভাবে বেশি চঞ্চল ও আক্রমণাত্মক বলে দাবি করেন তারা।
খামারিরা জানান, প্রতিদিন যত্নসহকারে খাবার ও পরিচর্যা করা হলেও মহিষটি অনেক সময় রাখালদের দিকেও তেড়ে আসে এবং গুঁতো দেওয়ার চেষ্টা করে। এজন্য তার সঙ্গে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হয়। খামার ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, এটি মূলত অ্যালবিনো জাতের একটি মহিষ। খামারে এমন আরও কয়েকটি মহিষ রয়েছে, যেগুলোও তুলনামূলকভাবে দুষ্টু স্বভাবের। এই সিরিজ অনুযায়ী তাদের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু–১’ থেকে ‘নেতানিয়াহু–৬’ পর্যন্ত।
তিনি আরও জানান, ঈদুল আজহাকে সামনে রেখে এই মহিষটি দেখতে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খামারে ভিড় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় কৌতূহল আরও বেড়েছে। দর্শনার্থীরা জানান, মহিষটির আকার, আচরণ ও উপস্থিতি ঘিরে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই শুধু দেখতে নয়, ছবি ও ভিডিও ধারণ করতেও আসছেন। খামার কর্তৃপক্ষ বলছে, পশুগুলোকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে এবং নিয়মিত পরিচর্যা করা হচ্ছে যাতে কোরবানির বাজারে সেগুলো সুস্থ ও প্রস্তুত থাকে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন