গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ও উত্তরপত্র কেলেঙ্কারির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। পরীক্ষার সময় কেন্দ্রের বাইরে থেকে উত্তর লেখার অভিযোগে চালানো অভিযানে উদ্ধার করা হয়েছে প্রশ্ন, উত্তরপত্র ও অতিরিক্ত খাতা। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র সংলগ্ন বাজার এলাকার একটি ধানের আড়ত থেকে তাদের আটক করা হয়। ওই সময় পদার্থ বিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিষয়ের দাখিল পরীক্ষা চলছিল।
আটক ব্যক্তিরা হলেন কামদিয়া ইউনিয়নের মহিশমুড়ি গ্রামের জুলফিকার হোসেন এবং কামদিয়া আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী মোশারফ হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে ধানের গুদাম থেকে পরীক্ষার প্রশ্নপত্র, ২৮টি উত্তরপত্র, ৮টি অতিরিক্ত উত্তরপত্র এবং ৩০টি বহুনির্বাচনী উত্তরপত্র উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
কেন্দ্র সচিব শাহজাহান আলী জানান, কয়েকজন বহিরাগত যুবক পরীক্ষার উত্তরপত্রে লেখালেখি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান চালায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও উত্তরপত্র ও অন্যান্য আলামতসহ জুলফিকার হোসেনকে আটক করা হয়। পরে একই এলাকা থেকে মাদ্রাসার কর্মচারী মোশারফ হোসেনকেও আটক করা হয়।
তিনি আরও জানান, তারা কোনো পরীক্ষার্থীর হয়ে বাইরে বসে পরীক্ষা দিচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: স্থানীয় প্রশাসন ও পুলিশ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন