ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। এসব জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল বলে দাবি করা হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানায়, তারা আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত টহল অব্যাহত রেখেছে এবং ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ কার্যকর করছে। এর অংশ হিসেবে ৪৫টি জাহাজকে হয় ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অবরোধের শর্ত মানা হয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী হামলা চালায় বলে দাবি করা হয়। দীর্ঘ ৩৯ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১৩ এপ্রিল হরমুজ প্রণালি ঘিরে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের জলসীমায় কোনো জাহাজ প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে দেশটির বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে, যুদ্ধবিরতি চললেও নৌ অবরোধ কার্যকর থাকবে।
সূত্র: আল-জাজিরা
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন