মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির জবাবে ইরান কড়া প্রতিক্রিয়া দিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে জানান, যেকোনো ধরনের বর্বরতার বিরুদ্ধে সভ্য জাতির সংস্কৃতি, যুক্তি ও বিশ্বাসের জয় নিশ্চিত।
ইরানের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইরান এমন একটি জাতি যারা সত্য ও ন্যায্য দাবি রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। এর আগে হরমুজ প্রণালি খোলার সময়সীমা শেষ হওয়ার মুখে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছিলেন, “আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনো ফিরে আসবে না।” তিনি আরও উল্লেখ করেন, পরিস্থিতি সম্ভাব্যভাবে সেই দিকে গড়াচ্ছে।
ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক অবস্থান নিয়েছে। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা কোনো অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তবে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেওয়া হবে।
ওয়াশিংটন ও তেহরানের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন