ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে ইমন (১৮) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লুন্দিয়ার পাগলা বাড়ি ও শেখ বাড়ির মধ্যে বিরোধ চলছিল। সোমবার (২৩ মার্চ) রাত ৯টার পর ইমন তার বাবার দোকানের জন্য কাঠ আনতে গেলে পথে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক জানান, আহত অবস্থায় আনার সময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।
এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন