বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে নতুন উত্তাপ শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন। এর ফলে সোমবার (১৬ মার্চ) থেকে দুই আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের প্রচারণা আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে এই দুটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে। এদিকে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হলেও তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেটি শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন—
মো. মাসুদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি)
মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র)
মো. মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী)
অন্যদিকে বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
মো. রেজাউল করিম বাদশা (বিএনপি)
মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন