ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন উত্তরাঞ্চলের চার যাত্রী। শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মহাসড়কের পাশে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, উপজেলার ভূইয়াগাতি সেতুর পাশ থেকে চারজনকে উদ্ধার করা হয়। পরে তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন—বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল (৩৬), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম (২৮)। অপর একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ওসি ইসমাইল হোসেন আরও জানান, আংশিক জ্ঞান ফিরে পাওয়া এক যাত্রী জানিয়েছেন, ট্রাকে থাকা একজন টাঙ্গাইল এলাকায় তাদের খেজুর খেতে দিলে তারা অচেতন হয়ে পড়েন। পরে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছের মূল্যবান জিনিসপত্র নিয়ে ভোরের দিকে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সামিউল ইসলাম রনি জানান, এ ধরনের ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে জ্ঞান ফিরে আসে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের আশা, রোববারের মধ্যে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন