মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র প্রশাসন বিবেচনা করছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলেও হোয়াইট হাউস এটি দখলে নেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছে। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সেখানে আরও অনেক পদক্ষেপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।
এই হুমকির জবাবে ট্রাম্প বলেন, যদি ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে তেহরানকে আরও শক্তিশালী সামরিক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন