ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের যাত্রার টিকিট। রেলওয়ে সূত্র জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টাতেই পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য রেলের ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ৮২ লাখ হিট পড়েছে। রেলের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনগুলোর মোট আসন রয়েছে ৩০ হাজার ৩৪৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১৯টি ট্রেনের প্রায় ১২ হাজার ৫০০ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে। এসব ট্রেনে মোট আসন রয়েছে ১৩ হাজার ৭৭৪টি।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, আগের দিনের তুলনায় আজ টিকিটের চাহিদা কিছুটা কম। তবে আজকের মধ্য দিয়েই ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে। তিনি আরও বলেন, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ মার্চের টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সোমবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে যাত্রার আগের সাত দিনের টিকিট অগ্রিম বিক্রি করা হয়েছে। সেই হিসেবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট আগেই বিক্রি করা হয়েছে। অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। এরপর ধারাবাহিকভাবে ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন