শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৮ মার্চ) রাতে উপাচার্য নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে সিদ্ধান্ত জানাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, সরকারের নির্দেশনা দেরিতে পাওয়ায় রোববার রাতেই জরুরি সভা ডাকা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, অফিস খোলা থাকবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি এবং সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন