জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাবের কথা বলা হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। রোববার (৮ মার্চ) সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ওই অনুষ্ঠানে রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
জুবায়ের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ডেপুটি স্পিকার পদ জামায়াতকে দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। তবে দলটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি। তাই বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। তিনি আরও বলেন, জুলাই সনদের আলোকে যে কাঠামোর কথা বলা হয়েছে সেখানে দুই কক্ষবিশিষ্ট সংসদের কথা রয়েছে। সেই কাঠামো অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষে দুইজন ডেপুটি স্পিকার থাকার কথা, এবং উভয় পদই বিরোধী দলের জন্য নির্ধারিত থাকবে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে দুইজন ডেপুটি স্পিকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলেও তিনি জানান। তবে সেটি জুলাই সনদের ভিত্তিতে নাকি বিএনপির নিজস্ব প্রস্তাব—এই বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। জুবায়ের বলেন, জনগণের সঙ্গে রাজনীতিতে তামাশার সময় শেষ। অর্থবহ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের ওপর বড় দায়িত্ব থাকবে। সেই দায়িত্ব পালনে জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতে, গণভোটের মাধ্যমে সরকার আইনি ভিত্তি পেতে পারে। কিন্তু এ বিষয়ে টালবাহানা চলছে বলেও অভিযোগ করেন তিনি। সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের বিভিন্ন নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের বিশিষ্টজনেরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন