পঞ্চগড়ে অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারিয়ে অনুতপ্ত এক যুবক মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন। একই সঙ্গে তিনি সবাইকে অনলাইন জুয়ার ক্ষতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যুবকের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা গেছে, ঘটনাটি রোববার বিকেলে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় ঘটে। ভিডিওতে দেখা যায়, গোসল করার সময় মান্না নামের ওই যুবক বলেন, তিনি অনলাইন জুয়া ছেড়ে দিয়েছেন এবং অন্যদেরও এ ধরনের আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।
ভিডিও ধারণের সময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, অনলাইন জুয়ার কারণে সবকিছু হারিয়ে মান্না অনুতপ্ত হয়ে এই কাজ করেছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে ভবিষ্যতে আর কখনো জুয়ার সঙ্গে যুক্ত হবেন না। পাশাপাশি রমজান মাস উপলক্ষে যারা এখনও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আছেন, তাদের তওবা করে এই অভ্যাস ছাড়ার আহ্বানও জানানো হয়। ঘটনার সময় সেখানে স্থানীয় অনেক মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মান্না পেশায় একজন শ্রমিক এবং তার বাড়ি জগদল বাজারের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কারণে তিনি তার সঞ্চয় ও সম্পদ হারিয়ে ফেলেন। এর ফলে তার পরিবারেও অশান্তি শুরু হয় এবং প্রায় এক বছর আগে তার স্ত্রী ও সন্তান তাকে ছেড়ে চলে যায়।
পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে জুয়া ছাড়ার ঘোষণা দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে মান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান বলেন, যদি তিনি সত্যিই নিজের ভুল বুঝে থাকেন এবং নতুনভাবে জীবন শুরু করতে চান, তাহলে তা অবশ্যই ইতিবাচক বিষয়। তবে ভবিষ্যতে যেন তিনি আবার এই অভ্যাসে না জড়ান, সে বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, জুয়া মানুষের জীবন ও পরিবারকে ধ্বংস করে দেয়, তাই সবাইকে এ ধরনের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকার আহ্বান জানান।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন