যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টস প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি। রোববার ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে পরিষদের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য সমঝোতা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন। এর আগে শনিবার পরিষদের এক জ্যেষ্ঠ আলেম জানান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে আলোচনার জন্য সদস্যরা খুব শিগগিরই বৈঠকে বসতে পারেন। ধারণা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সদস্যদের মধ্যে একটি বিষয় নিয়ে কিছু মতভেদ রয়েছে। সেটি হলো—চূড়ান্ত সিদ্ধান্ত কি সরাসরি বৈঠকের মাধ্যমে নেওয়া হবে, নাকি আনুষ্ঠানিক সভা ছাড়াই ঘোষণা করা সম্ভব হবে। এদিকে নূর নিউজে প্রকাশিত এক ভিডিও বার্তায় পরিষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির জানান, বর্তমান পরিস্থিতিতে সদস্যদের সশরীরে উপস্থিত হয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া একটি পরামর্শ অনুসরণ করে সম্ভাব্য একজন প্রার্থীকে ইতোমধ্যে বাছাই করা হয়েছে। সেই পরামর্শ অনুযায়ী, ইরানের শীর্ষ নেতা এমন একজন হওয়া উচিত, যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা করবে না। সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে ইঙ্গিত দিয়ে আলেকাসির বলেন, এমন একজন ব্যক্তির নাম ইতোমধ্যে আন্তর্জাতিক মহলেও আলোচনায় এসেছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে গ্রহণযোগ্য কোনো বিকল্প নন। এই মন্তব্য নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়াকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা বাড়িয়েছে।
সূত্র: রয়টার্স
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন