রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ ও ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন তারা। রোববার (৮ মার্চ) সকালে হাসপাতালটিতে গিয়ে রোগীদের ওয়ার্ড, বিছানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতিসহ অস্বাস্থ্যকর পরিবেশ তার নজরে আসে।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানের দায়িত্বে যারা রয়েছেন তারা সরকারের কাছে দায়বদ্ধ। কিন্তু দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের গুরুত্বপূর্ণ একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে নেতৃত্বের সংকট এবং ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে। তবে দ্রুত এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই হাসপাতালকে অন্য হাসপাতালের তুলনায় আরও বেশি মানবিক ও রোগীবান্ধব হতে হবে। তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন