রাজধানীর সায়েন্স ল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে ঈদের কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তেজগাঁওয়ে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় মারা গেছেন চালক মো. আলিম (৬৫) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২)। আর সায়েন্স ল্যাব এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯)। জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে তৃষাকে নিয়ে ঈদের কেনাকাটায় বের হয়েছিলেন। রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় সায়েন্স ল্যাব মোড়ে একটি বালুর ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তৃষাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে একই রাতে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। জানা গেছে, মো. হারুনুর রহমান ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় গাড়িটি ইউটার্ন নিতে গিয়ে আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারুনুর রহমান ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন