বাংলাদেশ সফরে থাকা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এই আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদে বিভিন্ন দলের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে। বৈঠকে পল কাপুর জানতে চান, জাতীয় সংসদে সরকার দলীয় ও বিরোধী দলের অংশগ্রহণ কীভাবে হবে এবং রাজনৈতিক দলগুলো কীভাবে সংসদীয় কার্যক্রমে ভূমিকা রাখবে।
এ বিষয়ে জামায়াতের প্রতিনিধিরা জানান, দলটি সংসদে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করতে চায়। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে তুলে ধরা হবে এবং ইতিবাচক উদ্যোগে সরকারকে সহযোগিতা করা হবে। এছাড়াও সংসদে ডেপুটি স্পিকার পদে জামায়াতের কোনো প্রতিনিধি দেওয়া হবে কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন এবং সাবেক কূটনীতিক ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
এদিকে একই দিনে সকাল ১১টায় বিএনপির নেতাদের সঙ্গেও পল কাপুরের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নির্ধারিত একটি বৈঠক পরে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন