ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টির পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আগমনকারী ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে বিমান কর্তৃপক্ষ বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। তবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১২২ (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) ওমানের মাস্কাট থেকে সফলভাবে উড্ডয়ন করেছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাতিল হওয়া বহির্গমন ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই), ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৩৩ (ঢাকা-চট্টগ্রাম-দোহা) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৫১ (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ)। এছাড়া, আগমনী ফ্লাইটগুলোর মধ্যে বাতিল হয়েছে—এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০ (শারজাহ-চট্টগ্রাম), ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম), এবং সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম)।
এদিকে, সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালু রাখার জন্য কাজ করছে, যাতে যাত্রীদেরকে যথাসম্ভব সুবিধা প্রদান করা যায়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন