মধুপুর বনাঞ্চলের দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার ২৪ দাগের মাগীচেরা এলাকার ৭৫ একর বনভূমি ২০২১-২২ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় ৮৫ অংশীদারের মধ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়। অংশীদাররা আকাশমণি গাছের চারা লাগানোর পর, গাছের ফাঁকে আনারস ও কলার চারা লাগান। কিন্তু, গাছের বয়স চার বছর পার না হতেই প্লটধারীরা নির্বিচারে গাছ কেটে জ্বালানি হিসেবে ইটভাটায় চালান দিচ্ছে, যার ফলে বনায়ন করা এলাকাটি প্রায় পুরোটাই বৃক্ষহীন হয়ে পড়েছে।
এছাড়া, প্লট মালিকরা বনতলের জঙ্গলে অগ্নিসংযোগ করে জমি খালি করে ফেলছে, যা পরে প্রভাবশালী মহল দখলে নিচ্ছে। সামাজিক বনায়ন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোত্তালেব হোসেন জানান, বনকর্মীদের যোগসাজশে প্রভাবশালীরা টানা দুই সপ্তাহ ধরে সামাজিক বনায়নের গাছ কেটে এবং আগুন লাগিয়ে জমি দখল করছে। এর ফলে মধুপুর বনাঞ্চলের প্রায় ২০ হাজার একর বনভূমি জবরদখল হয়ে গেছে এবং সরকারী বনভূমি আরও বেহাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে জানালেও বন বিভাগ কার্যকরী পদক্ষেপ নিতে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ রয়েছে। দোখলা বিট অফিসার এ কে আজাদ জানান, তিনি বিষয়টি তিন দিন আগে জানতে পারেন এবং তদন্তের কাজ শুরু হয়েছে। মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, গাছ উজাড় করা এবং জমি দখলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন