মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যকে মাদকের মামলায় গ্রেপ্তার করেছে। ৪ হাজার ৫০০ ইয়াবা বড়ি উদ্ধারসংক্রান্ত মামলায় গত শনিবার (২৮ অক্টোবর) ঢাকার মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে ডিএনসি। তবে ওই দিন শুনানি না করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ওই এসবি সদস্যের নাম আজহার আলী (৩৮)। তিনি এসবির সহকারী উপপরিদর্শক (এএসআই)। গত শুক্রবার সকালে মোহাম্মদপুরের একটি ভবনের ছাদে নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিবিএনের তিন সদস্যের কাছে একটি ব্যাগ রেখে যান আজহার। তিনি গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে ব্যাগটি রেখে গিয়েছিলেন। ডিএনসির সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে সাড়ে চার হাজার ইয়াবা উদ্ধার করেন।
এ ঘটনায় শুক্রবার ঢাকার মোহাম্মদপুর থানায় আজহার আলী ও কক্সবাজারের বাসিন্দা চানুচিং চাকমাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে ডিএনসি। এর পরদিন শনিবার মালিবাগের ফরচুন শপিং মলের সামনে থেকে আজহার আলীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক জানিয়েছেন, মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এজাহারে কোনো আসামির পরিচয় পুলিশ সদস্য বলে উল্লেখ করা হয়নি। মামলাটি তদন্তও করছে ডিএনসি। কোনো তথ্য জানার থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
ডিএনসির ঢাকা উত্তর অঞ্চলের উপপরিচালক রাশেদুজ্জামান বলেছেন, একটি মাদক মামলায় পলাতক হিসেবে আসামি করা হয়েছিল আজহার আলীকে। গ্রেপ্তারের পর জানা যায়, তিনি এসবির সদস্য। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এখনো রিমান্ড শুনানি হয়নি।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন