‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’-এর বিজয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদনজগৎ। সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করা এই শিল্পীর মৃত্যুর পর নানা জল্পনা ছড়িয়ে পড়লেও এবার সেই বিষয়ে মুখ খুলেছেন তার স্ত্রী মার্থা এলি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মার্থা জানান, প্রশান্তের মৃত্যু একেবারেই স্বাভাবিক এবং তা ঘটেছে ঘুমের মধ্যেই। তিনি বলেন, ‘ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। আমি তখন তার পাশেই ছিলাম।’ স্বামীর মৃত্যুতে আবেগতাড়িত মার্থা আরো বলেন, ‘সবাইকে ধন্যবাদ। সারা বিশ্বের নানা প্রান্ত থেকে ফোন আসছে। পরিচিত-অপরিচিত সবাই যোগাযোগ করার চেষ্টা করছেন। বাড়ির বাইরে বহু মানুষ দাঁড়িয়ে আছেন, শেষবার ওকে দেখবেন বলে। এটা আমার জন্য ভীষণ আবেগঘন সময়। দয়া করে আপনারা ওকে আগের মতোই ভালোবাসবেন। ও খুব ভালো মানুষ ছিল। আশা করি, সবাই ওকে এভাবেই সারা জীবন মনে রাখবেন।’ প্রশান্তের আকস্মিক প্রয়াণ ঘিরে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও সেসব গুজব উড়িয়ে দিয়ে মার্থা স্পষ্ট করেন—এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়। প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, “প্রশান্ত তামাংয়ের মতো ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত ও জাতীয় স্তরে পরিচিত শিল্পীর আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। দার্জিলিংয়ের ভূমিপুত্র তিনি। একসময় কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকার কারণে বাংলার মানুষের কাছে তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। তার পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। দার্জিলিংয়ের বাসিন্দা প্রশান্ত ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ জেতার আগে পশ্চিমবঙ্গ পুলিশ অর্কেস্ট্রার সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকেই তার সংগীতজীবনের শুরু। পরবর্তীতে অভিনয় জগতেও পা রাখেন তিনি। নেপালি সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করলেও, ‘পাতাললোক সিজন ২’-এ খলচরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। এ ছাড়া জানা গেছে, প্রয়াত এই শিল্পীর সালমান খানের আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এ অভিনয় করার কথা ছিল। সব মিলিয়ে, সংগীত ও অভিনয়—দুই জগতেই নিজস্ব ছাপ রেখে যাওয়া প্রশান্ত তামাংয়ের আকস্মিক বিদায় শিল্পীমহল ও অনুরাগীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন