আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে মাঠের লড়াইয়ে জিতেও শেষ পর্যন্ত শিরোপা হারাতে হয়েছিল সেনেগালকে। কিন্তু কয়েক মাসের আইনি লড়াইয়ের পর আবারও চ্যাম্পিয়ন হলো সাদিও মানের দল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের চূড়ান্ত রায়ে বাতিল হয়েছে মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণার আগের সিদ্ধান্ত। ফলে শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। ঘটনার শুরু চলতি বছরের ১৮ জানুয়ারি। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে গোল না হলেও অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে এগিয়ে যায় সেনেগাল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা উদ্যাপন করে দলটি।
তবে ম্যাচের শেষদিকে রেফারির একটি সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক। সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে যান। পরে তারা আবার মাঠে ফিরে খেলায় অংশ নেন এবং ম্যাচ শেষ হয়। কিন্তু এই ঘটনা নিয়েই শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। মার্চ মাসের মাঝামাঝি কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে। তাদের যুক্তি ছিল, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রেফারির অনুমতি ছাড়া মাঠ ছেড়ে যাওয়া কিংবা খেলতে অস্বীকৃতি জানানো হলে সংশ্লিষ্ট দলকে পরাজিত ঘোষণা করা যাবে।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সেনেগাল। মঙ্গলবার ২৪ নভেম্বর দীর্ঘ অপেক্ষার পর রায় দেয় কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বা সিএএস। তিন বিচারকের প্যানেল আগের সিদ্ধান্ত বাতিল করে জানায়, ম্যাচটি পুনরায় শুরু হয়েছিল এবং শেষ বাঁশি পর্যন্ত খেলা চলেছে। সিএএসের পর্যবেক্ষণ অনুযায়ী, খেলা পুনরায় শুরু করার ক্ষেত্রে রেফারি জঁ-জ্যাক এনদালা কোনো আইনগত ভুল করেননি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র এখতিয়ার ছিল তার। বিচারকেরা আরও জানান, পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর হলেও রেফারির সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলার কোনো যৌক্তিক ভিত্তি পাওয়া যায়নি।
অর্থাৎ, মাঠে খেলা পুনরায় শুরু হয়ে শেষ পর্যন্ত সম্পন্ন হওয়ায় সেনেগালকে পরাজিত ঘোষণার নিয়মটি প্রয়োগ করা যায় না বলে সিদ্ধান্ত দিয়েছে আদালত। ফলে কয়েক মাসের বিতর্ক ও আইনি লড়াইয়ের পর আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা আবারও ফিরে পেল সেনেগাল। আর মাঠে হেরে যাওয়ার পর প্রশাসনিক সিদ্ধান্তে পাওয়া মরক্কোর সেই ৩-০ গোলের জয়ও বাতিল হয়ে গেল।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন