ঢাকা | |
সংবাদ শিরোনাম :

শতবর্ষের জন্য ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো

ফুটবলের বাণিজ্যিক স্বত্ব প্রায় এক শতাব্দীর জন্য একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
শতবর্ষের জন্য ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো

ফুটবলের বাণিজ্যিক স্বত্ব প্রায় এক শতাব্দীর জন্য একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০ বিলিয়ন ডলারের এই প্রস্তাব বাস্তবায়িত হলে চুক্তির মেয়াদ হতে পারত সর্বোচ্চ ৯৬ বছর। শুধু তাই নয়, পরিকল্পিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দলের জন্য রাখা হয়েছিল সর্বোচ্চ ৫ শতাংশ শেয়ারের বিশেষ সুবিধা।


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা ফিফা ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের অভ্যন্তরীণ নথিতে এসব তথ্য উঠে এসেছে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের এই পরিকল্পনা নিয়ে আলোচনা গত জুলাইয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে। ১৭ জুলাইয়ের একটি অভ্যন্তরীণ ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। পরদিনের নথিতে বলা হয়, ১২ বছর পরপর নবায়নযোগ্য লাইসেন্সের মাধ্যমে চুক্তির মেয়াদ সর্বোচ্চ ৯৬ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।


পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানে ফিফার ৫১ শতাংশ মালিকানা অনির্দিষ্টকাল ধরে রাখার কথা ছিল। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে ব্যবস্থাপনা দলের জন্য প্রস্তাবিত বিশেষ শেয়ার সুবিধা। নথি অনুযায়ী, প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৫ শতাংশ শেয়ার ব্যবস্থাপনা দলের জন্য বরাদ্দ রাখা হতে পারত। প্রাথমিক ২০ বিলিয়ন ডলারের মূল্যায়নের পর প্রতিষ্ঠানের মূল্য প্রতি ১ বিলিয়ন ডলার করে বাড়লে এই শেয়ারের সম্ভাব্য মূল্য ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারত।


এখানেই শেষ নয়। চুক্তি ভঙ্গ করলে কিংবা অন্য কোনো বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করলে ফিফাকে থ্রাইভ ক্যাপিটালকে ২৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারত। পাশাপাশি কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই বিনিয়োগ প্রস্তাবটি এগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। ফিফার অভ্যন্তরীণ নথিতে আরও বলা হয়েছে, চুক্তির শর্ত নির্ধারণের প্রক্রিয়ায় সংস্থাটির অর্থ বিভাগ সরাসরি যুক্ত ছিল না।


পরিকল্পিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার কথা ছিল জিয়ান্নি ইনফান্তিনোর। তবে তিনি ব্যক্তিগতভাবে এই প্রকল্প থেকে আর্থিকভাবে লাভবান হতেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফিফাও এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ফুটবলের বাণিজ্যিক স্বত্ব, বিনিয়োগ কাঠামো এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসতে পারত। তাই অভ্যন্তরীণ নথির এই তথ্য প্রকাশের পর ফিফার পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


সূত্র: দ্য গার্ডিয়ান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি