ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ইউনূসের টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন ডিবির হাতে গ্রেফতার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীরা নানা প্রলোভন ও কৌশল ব্যবহার করে মানুষকে নিজেদের ফাঁদে ফেলছে। কখনো ভালো চাকরির আশ্বাস,
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩২ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩২ সময়
টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন
কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীরা নানা প্রলোভন ও কৌশল ব্যবহার করে মানুষকে নিজেদের ফাঁদে ফেলছে। কখনো ভালো চাকরির আশ্বাস, কখনো মালয়েশিয়া পাঠানোর প্রতিশ্রুতি, আবার কখনো পরিচিত কারও সঙ্গে সাক্ষাতের কথা বলে মানুষকে অপহরণ করা হচ্ছে। পরে তাদের পাহারায় রাখা বাড়ি কিংবা দুর্গম পাহাড়ি আস্তানায় আটকে রেখে সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। সাম্প্রতিক দুটি পৃথক অভিযানে পাচারের শিকার ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজারের লাবণী পয়েন্টসংলগ্ন এলাকা থেকে একটি ট্রলারসহ ২৮ জনকে উদ্ধার করা হয়। অন্যদিকে, রোববার ভোরে টেকনাফে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এর আগে গত ৫ নভেম্বর টেকনাফে আরও ৫৬ জনকে উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে ১৭ দিনের ব্যবধানে মানব পাচার-সংশ্লিষ্ট তিনটি ঘটনায় ৯২ জনকে উদ্ধার করা হয়েছে। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, মালয়েশিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা বর্তমানে নারী ও অবিবাহিত তরুণীদের বেশি লক্ষ্যবস্তু করছে। তাঁর মতে, দীর্ঘদিনের বেকারত্ব, বাস্তুচ্যুত অবস্থায় জীবনযাপন এবং মিয়ানমারে ফিরে যাওয়ার অনিশ্চয়তা শরণার্থীদের সহজেই পাচারকারীদের প্রলোভনের মুখে ঠেলে দিচ্ছে। এর আগে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাবিব দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, শীত মৌসুম ঘনিয়ে আসায় পাচারকারীরা পরিবারগুলোকে ফাঁদে ফেলার তৎপরতা বাড়িয়েছে। সাধারণত এ সময় সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।

সাগর থেকে ফিরে আসা ট্রলার
শুক্রবার রাত ১১টার দিকে একটি কাঠের ট্রলার কক্সবাজারের লাবণী পয়েন্টে এসে আটকে পড়ে। এ সময় ট্রলারের কয়েকজন যাত্রী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন নারী ও শিশুসহ ২৮ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রলারের বাকি যাত্রী এবং পাচারকারী চক্রের সন্দেহভাজন সদস্যরা সেখান থেকে সরে পড়েন। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যে কিছু পার্থক্য পাওয়া গেছে। তাঁদের কেউ কেউ জানিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে উঠেছিলেন। আবার কয়েকজনের অভিযোগ, তাঁদের অপহরণ করে অস্ত্রের মুখে জোরপূর্বক ট্রলারে নেওয়া হয়েছিল। কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি আখতার জানান, এক ব্যক্তি তাঁকে নালা নির্মাণের কাজ দেওয়ার কথা বলে নিয়ে যান। কিন্তু কাজ না দিয়ে তাঁকে আটকে রাখা হয়। এ সময় তাঁর মুঠোফোন ও পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়। পরে সশস্ত্র পাহারায় তাঁকে ট্রলারে তোলা হয়। আখতারের অভিযোগ, অপহরণকারীদের চাওয়া টাকা দিতে অক্ষমতার কথা জানালে তাঁদের একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করেন। টেকনাফের বাসিন্দা ইলিয়াস বলেন, লিংক রোড এলাকায় হাসপাতালে থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় তাঁকে অপহরণ করা হয়। তিনি জানান, গত ১২ নভেম্বর তাঁকে এবং অন্য বন্দিদের মিঠাপানির ছড়া ঘাট থেকে ছোট নৌকায় তুলে সাগরে অপেক্ষমাণ একটি বড় ট্রলারে নেওয়া হয়। সেখানে তাঁকে সাত দিন আটকে রাখা হয়েছিল। এই সময়ে সামান্য খাবার দেওয়া হতো এবং তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পাশাপাশি পাচারকারী দলের সদস্যদের নিজেদের মধ্যেও বিরোধ ও ঝগড়া হতে দেখেছেন তিনি। উদ্ধার হওয়া আরেক ব্যক্তি হেলাল উদ্দিনের অভিযোগ, মাছ সংরক্ষণের কাজে ব্যবহৃত ট্রলারের একটি কক্ষে প্রায় ৭০ জনকে গাদাগাদি করে রাখা হয়েছিল। উখিয়ার কোটবাজার এলাকার বাসিন্দা রিদুয়ান হোসাইন জানান, টেকনাফে পরিচিত একজনের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি ও তাঁর দুই বন্ধু একটি বাড়িতে বন্দি হন। অস্ত্রধারীরা তাঁদের মুঠোফোন কেড়ে নিয়ে আট থেকে নয় দিন পাহারায় আটকে রাখে। পরে রাতে তাঁদের মেরিন ড্রাইভের পাশের একটি সৈকতে নেওয়া হয়। সেখান থেকে দুটি ছোট নৌকায় করে সাগরে অপেক্ষমাণ বড় ট্রলারে তোলা হয়। রিদুয়ানের ভাষ্য, মুক্তিপণের টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে বন্দিদের সঙ্গে অস্ত্রধারীদের সংঘর্ষ হয়। পরে অস্ত্রধারীরা পালিয়ে গেলে ট্রলারে থাকা কয়েকজন যাত্রী সেটি কক্সবাজারের দিকে চালিয়ে নিয়ে আসেন। আখতারের দাবি, কয়েকজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছিল। তবে এ অভিযোগের সত্যতা দ্য ডেইলি স্টার স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

পরিবারের কাছেও মুক্তিপণ দাবি
মানব পাচারকারীরা শুধু বন্দিদের কাছেই নয়, তাঁদের পরিবারের কাছ থেকেও অর্থ আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। টেকনাফের বাসিন্দা আবু তাহের দ্য ডেইলি স্টারকে জানান, তাঁর ছেলে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে তিনি জানতে পারেন, মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে পড়ে তাঁর ছেলে বাড়ি ছেড়েছিলেন। শুক্রবার উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ বছর বয়সী তানজিদ ইকবাল ইমনও ছিলেন। তাঁর বাবা উখিয়ার রত্নাপালং এলাকার সাইফুল ইসলাম জানান, কয়েক দিন আগে তাঁর ছেলে নিখোঁজ হয়। পরে এক ব্যক্তি ফোন করে ছেলের কণ্ঠ শোনান এবং তাকে মুক্ত করতে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ছেলেকে মিয়ানমারের পাচারকারীদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। উদ্ধার হওয়া আরেক ব্যক্তি মুক্তার হোসেন জানান, এক ব্যক্তি তাঁকে ৩ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। পরে সেই অর্থ কমিয়ে ৩ লাখ টাকা করা হয়। কক্সবাজারে পৌঁছানোর পর তাঁকে অন্যদের সঙ্গে একটি কক্ষে আটকে রাখা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবারের উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। ট্রলার থেকে কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

পাচারের শিকার হচ্ছেন নারী ও শিশুরাও
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের লেঙ্গুরবিল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে জানা গিয়েছিল, পাচারকারীরা ২০ থেকে ২৫ জনকে আটকে রেখেছে এবং তাঁদের সাগরপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে পাচারকারী দলের সদস্যদের পাশাপাশি কয়েকজন বন্দিও পালিয়ে যান। পরে সেখান থেকে পাঁচ নারী, দুই পুরুষ এবং আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প ১৮ ও ২০-এর বাসিন্দা। পরে তাঁদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।তবে উদ্ধার হওয়া আটজন কীভাবে পাচারকারীদের হাতে পড়েছিলেন, সে বিষয়ে আইএসপিআরের বক্তব্যে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সূত্রের দাবি, শিবিরে বসবাসকারী কিছু নারী মালয়েশিয়ায় বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবিবাহিত মেয়েদের পাচারকারী চক্রের হাতে তুলে দিচ্ছেন। হাবিবের অভিযোগ, নারী ও তরুণীদের প্রলোভন দেখানো কিংবা অপহরণের ঘটনায় রোহিঙ্গা ও বাংলাদেশি—উভয় পক্ষের মধ্যস্থতাকারীরা জড়িত। সাগরপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে পরিবারগুলোর কাছ থেকে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

পাহাড়ি আস্তানায় আটকে রাখার অভিযোগ
মানব পাচারের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকাগুলোর কথা উঠে এসেছে। গত ৫ নভেম্বর হ্নীলার নুরালীপাড়ায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়। এ সময় সশস্ত্র পাচারকারীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হন। অভিযানে পাচারকারী চক্রের ছয় সন্দেহভাজন দালালকে আটক করা হয়েছিল। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছিলেন, চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের সেখানে নিয়ে আসা হয়। এরপর সশস্ত্র পাহারায় আটকে রেখে সাগরপথে পাঠানোর প্রস্তুতি চলছিল। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের অভিযোগ, হ্নীলা ও বাহারছড়ার দুর্গম পাহাড়ে কয়েকটি সশস্ত্র অপরাধী চক্র নিজেদের আস্তানা তৈরি করেছে। নাফ নদীর সীমান্তবর্তী এলাকা থেকে মেরিন ড্রাইভের উপকূল পর্যন্ত এসব চক্রের তৎপরতা রয়েছে। তাঁদের দাবি, এসব দলের সদস্যরা মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটকে রাখে। আবার যাঁরা দাবি করা অর্থ দিতে পারেন না, তাঁদের কাউকে কাউকে মালয়েশিয়ায় পাঠানোর জন্য পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। স্থানীয়দের চিহ্নিত এমন একটি এলাকা হলো নুরালী পাহাড়। টেকনাফ শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়টি নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এলাকায়। সন্দেহভাজন আস্তানাগুলো পাহাড়ের প্রায় এক কিলোমিটার ভেতরে রয়েছে। স্থানীয়দের ভাষ্য, পাহাড়ি এলাকাটি অত্যন্ত দুর্গম। সেখানে সশস্ত্র অপরাধীদের উপস্থিতির কারণে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়ে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উল্লাহর অভিযোগ, স্থানীয় পাহাড়গুলোতে পাঁচটি সশস্ত্র চক্র সক্রিয় রয়েছে। মুক্তিপণের অর্থ দিতে ব্যর্থ ব্যক্তিদের এসব চক্র পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। এলাকার মানুষের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এখানে আমরাও নিরাপদ নই।’ টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এলাকায় কয়েকটি অপরাধী চক্রের সক্রিয় থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, এসব চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি