আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই শেষ—এবার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি। সোমবার ২৩ নভেম্বর বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন নাহিদ ইসলাম। বৈঠকে দেশের রাজনৈতিক ঐক্য, গঙ্গা চুক্তি, ভারতের সঙ্গে সম্পর্ক, জুলাই সনদ এবং জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থের বিষয়ে কঠোর বার্তা দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকারের কাছে দাবি জানানো হয়েছে। সংবিধান সংশোধন নিয়ে গঠিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে দাবি করে সেটি বাতিলের সুপারিশ করেছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের লড়াই এখন আর নেই। ৫ আগস্টই আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বর্তমান লড়াই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে সীমান্তের কাছে হিন্দুত্ববাদী একটি সংগঠনের বাংলাদেশবিরোধী সমাবেশ এবং সেখানে পলাতক আওয়ামী লীগের কিছু নেতার সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বলেও দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি। সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু আলোচনার জন্য আলোচনা করলে হবে না, সংলাপকে ফলপ্রসূ করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য প্রয়োজন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন