ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কংগ্রেসের দলীয় সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের উপস্থিত থাকার কথা রয়েছে।
কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা জানান, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত আমন্ত্রণেই নয়াদিল্লি যাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন দলটির নেতারা। অনুষ্ঠানে কংগ্রেসশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি জোটের শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর স্মৃতিকথাটি প্রকাশিত হওয়ার পর থেকেই বইটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতের রাজনৈতিক অঙ্গনেও বইটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে।
এদিকে, বিজয়ের নয়াদিল্লি সফর ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে বলেও আলোচনা রয়েছে। তেলেঙ্গানা টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে গত জুনে নয়াদিল্লি সফর করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। সে সময় তিনি ভারত সরকারের নীতি নির্ধারণী সংস্থা নীতি আয়োগের বৈঠকে অংশ নেন। একই সফরে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন