অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করছে সরকার। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি এবং আধুনিক যানবাহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে নিরাপদ করতে ইতোমধ্যে ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং জনসমাগমস্থল এই নজরদারির আওতায় রয়েছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, থানা পুলিশের তথ্যের ভিত্তিতে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ক্যামেরা বসানো হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকার পাশাপাশি জেনেভা ক্যাম্পের প্রবেশপথেও বিশেষায়িত গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ সহায়তা পেয়েছে।
নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির, মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যুক্ত করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ফুটেজ সবার জন্য উন্মুক্ত করা হবে না। সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে উৎসাহিত করা হচ্ছে।
ববি হাজ্জাজ জানান, বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হতে পারে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সন্দেহজনক ও অস্বাভাবিক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পাঠানো সম্ভব হবে। ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু এলাকায় এখনো বিচ্ছিন্ন অপরাধ ঘটছে। সেসব স্থান চিহ্নিত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু ক্যামেরা স্থাপন যথেষ্ট নয়। পুলিশের টহল, জনবল ও যানবাহন বাড়ানোও জরুরি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে অতিরিক্ত টহল গাড়ি ও পুলিশি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপদ মোহাম্মদপুর ও সুশৃঙ্খল ঢাকা-১৩ গড়ে তুলতে জনপ্রতিনিধি, পুলিশ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন