ইসলামে দান-সদকাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। তবে দান কবুল হওয়ার ক্ষেত্রে শুধু অর্থের পরিমাণ নয়, উপার্জনের উৎসও গুরুত্বপূর্ণ। হারাম উপায়ে অর্জিত অর্থ দিয়ে দান করলেও আল্লাহর সন্তুষ্টি ও সওয়াব অর্জন সম্ভব নয় বলে ইসলামি শরিয়তে উল্লেখ রয়েছে। এ ধরনের সম্পদের দায় থেকে মুক্ত হওয়ার বিষয়েও কোরআন ও হাদিসে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসলামি বর্ণনা অনুযায়ী, হারাম উপার্জনের অর্থ দিয়ে দান-সদকা করলেও তা কবুল হয় না। এমনকি ওই অর্থ আত্মীয়স্বজনের পেছনে ব্যয় করলেও পাপের দায় থেকে মুক্তি পাওয়া যায় না। এ প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে,
مَنْ كَسَبَ مَالًا مِنْ حَرَامٍ فَأَعْتَقَ مِنْهُ وَوَصَلَ رَحِمَهُ كَانَ ذَلِكَ إِصْرًا عَلَيْهِ
অর্থাৎ, যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করে তা দিয়ে দান করে কিংবা আত্মীয়দের হক আদায় করে, সেটিও তার জন্য পাপ হিসেবে গণ্য হয়। (আল-মু'জামুল আওসাত, তাবারানি: ৯৩৭৫)
শুধু দান-সদকা নয়, হারাম খাদ্য ও উপার্জন মানুষের দোয়া এবং অন্যান্য ইবাদত কবুলের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করে। হালাল আহার ও পবিত্রতার গুরুত্ব তুলে ধরে পবিত্র কোরআনে আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
অর্থ: ‘হে রাসুলগণ! আপনারা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করুন এবং সৎকাজ করুন। আপনারা যা করেন সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।’ (সুরা আল-মুমিনুন: ৫১)
একইভাবে মুমিনদেরও হালাল ও পবিত্র রিজিক গ্রহণের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
অর্থ: ‘হে মুমিনগণ! আমি তোমাদের যে রিজিক দান করেছি, তা থেকে পবিত্র বস্তু আহার কর।’ (সুরা আল-বাকারা: ১৭২)
হারাম উপার্জনের কারণে দোয়া কবুল না হওয়ার বিষয়টি একটি হাদিসেও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দীর্ঘ সফরে থাকা এক ব্যক্তি ধূলিমলিন অবস্থায় দুই হাত আকাশের দিকে তুলে ‘হে আমার রব’ বলে দোয়া করেন। কিন্তু তার খাবার, পানীয় ও পোশাক সবই হারাম এবং হারাম উপার্জনেই তার শরীর গঠিত। এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে? (সহিহ মুসলিম: ১০১৫)
হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার উপায়,
কেউ অতীতে হারাম উপায়ে অর্থ উপার্জন করে থাকলে ইসলামি শরিয়ত অনুযায়ী তা থেকে মুক্ত হওয়ার জন্য কয়েকটি করণীয় রয়েছে।
প্রথমত, হারাম উপার্জনের পথ অবিলম্বে বন্ধ করে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। দ্বিতীয়ত, অন্যের সম্পদ আত্মসাৎ বা অধিকার নষ্ট করে অর্থ উপার্জন করা হলে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। প্রয়োজন হলে ক্ষতিপূরণও দিতে হবে। অন্যদিকে, হারাম অর্থের প্রকৃত মালিককে খুঁজে পাওয়া সম্ভব না হলে তা দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করে দিতে হবে। তবে এ ক্ষেত্রে সাধারণ দান-সদকার মতো সওয়াবের নিয়ত করা যাবে না। বরং অবৈধ সম্পদের দায় থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে তা করতে হবে।
এভাবে হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার পর ব্যক্তি ওই অর্থ দান করার জন্য সাধারণ দান-সদকার সওয়াব পাবেন না। তবে আন্তরিক তওবা ও নিজের ভুল সংশোধনের মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভের আশা করতে পারেন। ইসলামের দৃষ্টিতে ইবাদতের পাশাপাশি উপার্জনের পবিত্রতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারাম অর্থ দিয়ে দান কিংবা জনকল্যাণমূলক কাজে অংশ নিলেই অবৈধ উপার্জনের দায় থেকে মুক্তি পাওয়া যায় না। তাই ইবাদত কবুল হওয়া এবং পরকালীন জবাবদিহি থেকে বাঁচতে হালাল উপায়ে জীবিকা অর্জন ও হারাম সম্পদ পরিহার করা প্রত্যেক মুমিনের দায়িত্ব।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন