দুই দফায় দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক পয়েন্ট আদায় করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আট গোলের রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে ৪-৪ সমতায়। তবে নাটকীয় এই ড্রয়ের পরও ইংলিশ প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চল থেকে বের হতে পারেনি মাইকেল ক্যারিকের দল।
রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে নটিংহ্যাম ফরেস্টের জয়ের পর অবনমন অঞ্চলে নেমে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে তাদের জন্য। ম্যাচের প্রথম মিনিটেই আলিসনের শট স্বাগতিক গোলরক্ষক সেনে ল্যামেন্সকে পরাস্ত করে জালে জড়ায়। তিন মিনিট পর আলিসনের আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন নিকোলাস জ্যাকসন। মাত্র চার মিনিটের ব্যবধানে ২-০ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড।
তবে দ্রুতই ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে স্বাগতিকরা। ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। বক্সের ভেতরে ম্যাথিউস কুনহাকে ফাউল করেছিলেন বৌবাকার কামারা। এরপর বিরতির ঠিক আগে নুসাইর মাজরাউইয়ের কাটব্যাক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান সাবেক অ্যাস্টন ভিলা তারকা ইউরি টিয়েলেমান্স। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আবারও রক্ষণভাগের ভুলে বিপদে পড়ে ইউনাইটেড। বক্সের ভেতরে আলিসনকে ফাউল করেন ডিওগো ডালট। পেনাল্টি থেকে গোল করে অ্যাস্টন ভিলাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন জন ম্যাকগিন।
এর মাত্র সাত মিনিট পর আরও একবার গোল হজম করে স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে লেনি ইয়োরোর ব্যাকহেডে তৈরি হয় জটিল পরিস্থিতি। গোলরক্ষক ল্যামেন্স বলটি পাঞ্চ করলে তা ক্রসবারে লেগে ফিরে আসে। সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান লিওন গোরেৎজকা। ফলে ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের শেষ দিকে ইউনাইটেডের হার যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই শুরু হয় নাটকীয় প্রত্যাবর্তন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান ৪-৩ করেন জোশুয়া জার্কজি। এরপর ৯০তম মিনিটের ষষ্ঠ যোগ করা মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে গোল করেন প্যাট্রিক ডর্গু। তাতেই ৪-৪ সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ মুহূর্তে দুই গোল করে নিশ্চিত হার এড়ালেও পয়েন্ট টেবিলের অবস্থান বদলাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। আন্তর্জাতিক বিরতির আগে ১৮তম স্থানেই থাকতে হচ্ছে দলটিকে। নিরাপদ অবস্থানে থাকা দলগুলোর চেয়ে এখনো এক পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন