ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার চিকিৎসার বাইরে ৯২ শতাংশ মানসিক রোগী নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর, প্রস্তুত ২০ হাজার পুলিশ

আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

লিওনেল মেসির মতো কিংবদন্তির শূন্যস্থান কি কখনো পূরণ করা সম্ভব? আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মনে এখন এই প্রশ্নই ঘুরছে। বিশ্বকাপজয়ী
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

লিওনেল মেসির মতো কিংবদন্তির শূন্যস্থান কি কখনো পূরণ করা সম্ভব? আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মনে এখন এই প্রশ্নই ঘুরছে। বিশ্বকাপজয়ী অধিনায়কের বিদায়ের পর নতুন করে স্বপ্ন দেখাচ্ছে মাত্র ১৮ বছরের এক তরুণ। নাম লিওনেল বেনজামিন ফ্লোরেস। তবে ফুটবলবিশ্বে তিনি পরিচিত ‘বেনজা’ নামে। মেসির বিদায়ী ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমে নিজের আগমনী বার্তা দিয়েছেন এই তরুণ প্রতিভা। একই ম্যাচে ছিলেন দুই লিওনেল। একজন বিশ্বজয়ী মেসি, যাঁর নাম আর্জেন্টিনার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। অন্যজন বেনজা, যার ফুটবলজীবনের গল্প কেবল শুরু হয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে বোকা জুনিয়র্সের দ্বিতীয় দল থেকে উঠে এসে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। মেসির বিদায়ী ম্যাচে বদলি হিসেবে প্রায় ১৫ মিনিট খেলেই আলোচনায় উঠে এসেছেন এই তরুণ।


২০০৭ সালের ফেব্রুয়ারিতে বুয়েনস এইরেসের উত্তরের দরিদ্র এলাকা ভিয়া লা কাভায় জন্ম বেনজার। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল ফুটবলার হওয়া। মাত্র সাত বছর বয়সে জায়গা পান বোকা জুনিয়র্সের একাডেমিতে। এরপর টানা প্রায় এক দশক ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে বাসে চড়ে অনুশীলনে যেতেন তিনি। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি ধীরে ধীরে তাঁকে পৌঁছে দিয়েছে জাতীয় দলের দরজায়। একাডেমির বিভিন্ন ধাপ পেরিয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বারবার। এক ম্যাচে করেছেন পাঁচ গোল। এমনকি কর্নার থেকে সরাসরি বল জালে পাঠিয়ে করেছেন দুর্দান্ত গোল। গত জুলাইয়ে বোকা জুনিয়র্সের মূল দলে অভিষেকের সুযোগ পান বেনজা। আর প্রথম সুযোগেই গোল করে কোচের আস্থার প্রতিদান দেন তিনি।


এরপর শুরু হয় তাঁর অবিশ্বাস্য উত্থান। সেপ্টেম্বরে জাতীয় দলে ডাক পান। বলিভিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর ক্লাবে ফিরে উনিয়ন দে সান্তা ফের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে করেন জোড়া গোল। আবার জাতীয় দলের হয়ে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামেন। মাত্র সাত দিনে চারটি ম্যাচ খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ। বেনজার প্রথম কোচ ক্রিস্তিয়ান বেনিতেস জানিয়েছেন, মাত্র পাঁচ বছর বয়সেই অনুশীলনে অবিশ্বাস্য দক্ষতা দেখাতেন এই ফুটবলার। তাঁর ওভারহেড কিক দেখে সবাই মুগ্ধ হতেন। এমনকি বেনিতেস নিজে রিভার প্লেটের সমর্থক হলেও এখন বোকা জুনিয়র্সের খেলা দেখেন মূলত বেনজার জন্য।


খেলার ধরনেও বেনজা বেশ বৈচিত্র্যময়। তিনি একজন আক্রমণভাগের খেলোয়াড়। দুর্দান্ত গতি, শক্তিশালী ডান পা এবং প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার দক্ষতা তাঁর বড় অস্ত্র। দুই প্রান্তে উইঙ্গার হিসেবে, মূল স্ট্রাইকার কিংবা আক্রমণভাগের পেছনে—বিভিন্ন পজিশনে খেলতে পারেন তিনি। নিজের আদর্শ হিসেবে মেসি ও হুয়ান রোমান রিকেলমের নাম বলেছেন। পাশাপাশি একের বিপরীতে এক লড়াইয়ের দক্ষতা বাড়াতে জেরেমি ডোকু ও জামাল মুসিয়ালার খেলাও নিয়মিত দেখেন। এ পর্যন্ত বোকা জুনিয়র্সের মূল দলের হয়ে ১৮ ম্যাচে চার গোল ও তিনটি গোলে সহায়তা করেছেন বেনজা। দ্বিতীয় দলসহ বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোল ১৩টি, সঙ্গে সাতটি সহায়তা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও তাঁকে নিয়ে আশাবাদী। তবে তরুণ এই খেলোয়াড়কে বাড়তি চাপ না দিয়ে তাঁর পাশে থাকা এবং সঠিকভাবে পরিচর্যা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।


ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন ক্লাবের নজর পড়েছে বেনজার ওপর। তাঁর বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ লাখ ইউরো। বোকা জুনিয়র্সের সঙ্গে চুক্তি ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি তাঁকে দলে ধরে রাখতে দুই কোটি ডলারের মুক্তির শর্তও রাখা হয়েছে। তবে মেসির উত্তরসূরি হওয়ার চাপ যে একজন তরুণের জন্য বড় চ্যালেঞ্জ, সেটিও ভুলে গেলে চলবে না। প্রতিভা থাকলেই কিংবদন্তি হওয়া যায় না; প্রয়োজন ধারাবাহিকতা, ধৈর্য এবং সঠিক পরিচর্যা। তাই বেনজাকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা যতই বাড়ুক, তাঁর সামনে এখনো অনেক দীর্ঘ পথ। এখন দেখার বিষয়, বেনজা কি কেবল মেসির পরবর্তী উত্তরসূরি হিসেবেই পরিচিত থাকবেন, নাকি নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে ফুটবলবিশ্বে গড়ে তুলবেন সম্পূর্ণ আলাদা এক পরিচয়?

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!