কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধস। নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৩ জেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এই ঘটনায় কলম্বিয়ার মেডেলিন ও কুইবডো শহরের মাঝের সড়কও বন্ধ হয়ে আছে।
রোববার (১৪ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ঘটনাস্থলে আটকে থাকা মানুষের কাছে পৌঁছাতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির সরকার।
একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে , কলোম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ হওয়ায় ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার দেশটির ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন,‘এই ট্র্যাজেডিতে ৩৩ জনের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ওই অঞ্চল থেকে পাওয়া প্রাথমিক রিপোর্ট অনুসারে নিহতদের বেশিরভাগই শিশু।’
তিনি আরও বলেন, ‘এই সময়ে, আটকে পড়া লোকদের জন্য অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’
স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে দেশটির মেডেলিন এবং কুইবডো শহরে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এতে শহর দুটির মাঝে সংযোগকারী সড়ক বন্ধ হয়ে যায়। তাছাড়া ভূমিধসের সময় সেখানকার ব্যস্ত মহাসড়কেও বহু মানুষ আহত হয়েছেন। এমনকি রাস্তায় বেশ কিছু গাড়ি কাদায় চাপা পড়ার পর কিছু লোক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
কলম্বিয়ার পুলিশের একটি বিশেষ উদ্ধারকারী দল শনিবার বেশ কিছু জীবিত মানুষকে উদ্ধার করার পাশাপাশি নিহত কয়েকজনের মৃতদেহও উদ্ধার করেছেন। তবে বেশ কয়েকটি রাস্তা বন্ধ থাকায় উদ্ধারকারী ও দমকলকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য কার্যত লড়াই করে যাচ্ছে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন