সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ৪ অক্টোবর রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। তবে ঘটনাটি নিয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আরামকোর পক্ষ থেকেও মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
রিয়াদের ওই স্থাপনার কাছাকাছি আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডুলি দেখতে পাওয়ার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তিনি জানান, আরামকোর একটি স্থাপনার আশপাশে আগুন ও ধোঁয়া দেখা গেছে। তবে রিয়াদের ওই আগুনের সঙ্গে হুথিদের দাবি করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সরাসরি সম্পর্ক এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে গত সপ্তাহেও হুথিরা দাবি করেছিল, সৌদি আরবের ইয়ানবু এলাকায় আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। ওই সময় সৌদি আরব জানিয়েছিল, তায়েফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কিছু জানায়নি।
রিয়াদের কাছে নতুন করে হামলার এই দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে। অন্যদিকে সৌদি আরবও ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। পরের বছর ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে হুথিদের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন