আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় দলের হয়ে একটি বিদায়ী ম্যাচ খেলেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পথে এই মহাতারকা। মেসি-পরবর্তী সময়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এরই অংশ হিসেবে নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বে বলিভিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
বৃহস্পতিবার ভোরে নিজেদের মাঠ মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে বলিভিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত চার গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজ।
ম্যাচজুড়ে বল দখল এবং আক্রমণে ছিল আর্জেন্টিনার স্পষ্ট আধিপত্য। প্রায় ৬৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্কালোনির দল। প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে মোট ১৬টি শট নেয় তারা, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বলিভিয়া পুরো ম্যাচে মাত্র তিনটি শট নিতে পেরেছে। এর কোনোটিই আর্জেন্টিনার গোলপোস্টের লক্ষ্যে রাখতে পারেনি তারা।
মেসির অনুপস্থিতিতেও আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল বেশ কার্যকর। দলের নতুন অধিনায়ক রোমেরোও গোল করে নেতৃত্বের নতুন অধ্যায়কে স্মরণীয় করে রাখেন। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এখন মেসিকে ঘিরে বিদায়ী অধ্যায়ের অপেক্ষা। দীর্ঘ সময় জাতীয় দলের নেতৃত্ব দেওয়া মেসির পর দলের নেতৃত্বে রোমেরোর দায়িত্ব নেওয়া আর্জেন্টিনার ফুটবলে একটি নতুন সময়ের ইঙ্গিত দিচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন