বৃষ্টির কারণে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি ২০ ওভারের পরিবর্তে ১৩ ওভারে নামিয়ে আনা হয়। আর সেই ছোট সংস্করণের ম্যাচে তাওহিদ হৃদয়ের ঝোড়ো ৪২ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে ফাইনালে উঠতে পাকিস্তানকে ১৩ ওভারে করতে হবে ১১২ রান।
জাপানের নিশিনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে সাত ওভার কমে যাওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার লক্ষ্য ছিল লিটন দাসের দলের। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিম ৭ রান করে ফিরে যান। পারভেজ হোসেন ইমন করেন মাত্র ১ রান। এরপর অধিনায়ক লিটন দাসও ব্যর্থ হন, মাত্র ২ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
আরেক ব্যাটার সাইফ হাসান দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১৭ বলে ১৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। কিন্তু তিনিও ফিরে গেলে মাত্র ৪৫ রানেই চার উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। পঞ্চম উইকেটে দুজনের ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটি বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়।
বিশেষ করে ব্যাট হাতে ঝড় তোলেন তাওহিদ হৃদয়। চার-ছক্কার দারুণ প্রদর্শনে মাত্র ২৫ বলে ৪টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৪২ রান করেন তিনি। দলীয় ৯৮ রানে হৃদয় আউট হলে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি। এর দুই বল পরই ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১৬ বলে করেন ১১ রান। ইনিংসের শেষ বলে রিশাদ হোসেন আউট হলে ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রানে থামে বাংলাদেশের ইনিংস। শেষ দিকে ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন মাহেদি হাসান।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্পিনার সুফিয়ান মুকিম। তিনি ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আরাফাত মিনহাজ নেন ২টি এবং সাইম আইয়ুব নেন ১টি উইকেট। এখন বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার লড়াই। ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামবে পাকিস্তান।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন