ভারতের রাঁচিতে মদের দোকানে ঢুকে রীতিমতো কাণ্ড ঘটিয়েছে একটি বানর। দোকানে ঢোকার পর তাড়ানোর চেষ্টা করেও তাকে বের করা যায়নি। বরং সুযোগ পেয়ে একটি মদের বোতল নিয়ে সেটি পান করতে শুরু করে। এরপর মদ পান করে দোকানের মেঝেতেই ঘুমিয়ে পড়ে বানরটি। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় রাঁচির ওরমানঝির ব্লক চৌক এলাকার একটি মদের দোকানে ঘটে এই অদ্ভুত ঘটনা। স্থানীয়দের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হঠাৎ করেই একটি বানর দোকানের ভেতরে ঢুকে পড়ে। দোকানের কর্মীরা প্রথমে বানরটিকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই সেটিকে দোকান থেকে বের করা সম্ভব হচ্ছিল না। একপর্যায়ে দোকানের ভেতরে থাকা একটি মদের বোতল নিয়ে সেটি পান করতে শুরু করে।
কিছুক্ষণ মদ পান করার পর বানরটির আচরণে আসে পরিবর্তন। শেষ পর্যন্ত দোকানের মেঝেতেই শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। এমন দৃশ্য দেখতে দোকানের সামনে ভিড় জমিয়ে ফেলেন স্থানীয় মানুষজন। তবে ঘুম থেকে ওঠার পর আবারও পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বানরটি দোকানের ভেতরে কিছুটা তাণ্ডব চালায়। একপর্যায়ে তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা এক কর্মীকে কামড় দেয় বলেও জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। একই সঙ্গে বানরটিকে নিরাপদে উদ্ধারের জন্য বিরসা মুন্ডা জৈবিক উদ্যানের উদ্ধারকারী দলও সেখানে যায়। উদ্ধারকারীদের বেশ কিছু চেষ্টার পর শেষ পর্যন্ত বানরটিকে নিরাপদে ধরে ফেলা সম্ভব হয়। পরে সেটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
এদিকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন উপস্থিত কেউ কেউ। এরপর বানরের মদের বোতল থেকে পান করা এবং পরে দোকানের মেঝেতে ঘুমিয়ে পড়ার দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অদ্ভুত এই ঘটনায় স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য। তবে বানরটি কীভাবে দোকানে ঢুকেছিল এবং বোতলটি কীভাবে তার হাতে পৌঁছেছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন