শারীরিক অবয়ব পছন্দ না হওয়ায় স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর অর্থকষ্ট ও অনিশ্চয়তায় যখন জীবন থমকে যায়, তখন একটি অপ্রত্যাশিত বিজ্ঞাপনই বদলে দেয় নোরার ভাগ্য। ‘সৎমা প্রয়োজন’—এমন বিজ্ঞাপনে সাড়া দিয়ে তিনি পৌঁছে যান শহরের এক প্রভাবশালী মাফিয়া ডনের বাড়িতে। বাস্তব মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি এই স্বল্পদৈর্ঘ্য সিরিজের গল্প এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’ নামের এই এআই শর্ট সিরিজে চুক্তিভিত্তিক সম্পর্ক থেকে ধীরে ধীরে ভালোবাসার জন্ম নেওয়ার গল্প তুলে ধরা হয়েছে। রোমাঞ্চ, অপরাধজগতের নাটকীয়তা ও আবেগের সংমিশ্রণে নির্মিত সিরিজটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র নোরা। স্বামীর কাছ থেকে অপমান ও প্রত্যাখ্যানের পর কাজের সন্ধানে বের হন তিনি। একপর্যায়ে অন্ধকার জগতের ক্ষমতাধর ব্যক্তি লুকার বাড়িতে কাজের সুযোগ পান। সেখানে তার প্রধান দায়িত্ব হয় লুকার ছোট ছেলে লিওর দেখাশোনা করা।
শুরুতে নোরা ও লুকার সম্পর্ক ছিল সম্পূর্ণ চুক্তিনির্ভর। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। লুকার ছোট ছেলে লিওর সঙ্গে নোরার গভীর সখ্য গল্পে আবেগের নতুন মাত্রা যোগ করে। নোরার স্নেহ ও যত্নে লিও যেমন নিরাপত্তা ও নির্ভরতার জায়গা খুঁজে পায়, তেমনি লুকার কাছেও নোরার গুরুত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। একপর্যায়ে আনুষ্ঠানিক চুক্তির সীমা পেরিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।
মাফিয়া প্রধান লুকার চরিত্রটিও দর্শকদের আগ্রহের অন্যতম কারণ। অপরাধজগতের কঠোর ও ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তিনি যেমন ভয়ংকর, তেমনি সন্তানের সামনে সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। সন্তানের প্রতি তার মমতা এবং নোরার প্রতি তৈরি হওয়া অনুভূতি চরিত্রটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে সিরিজটির গল্প শুধু রোমান্স বা মাফিয়া জগতের মধ্যেই সীমাবদ্ধ নয়। নিজের চেহারা ও শারীরিক গঠন নিয়ে অপমানিত হওয়ার পর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস কীভাবে একজন নারী ধীরে ধীরে ফিরে পান, সেই বিষয়টিও গল্পে গুরুত্ব পেয়েছে।
নোরা এখানে শুধু প্রেমের গল্পের নায়িকা নন; বরং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছেন। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি স্বল্পদৈর্ঘ্য সিরিজের নতুন এই ধারাও তরুণ দর্শকদের আকৃষ্ট করছে। দ্রুতগতির গল্প, নাটকীয় মোড় এবং আবেগঘন দৃশ্যের কারণে সিরিজটি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়েছে। চুক্তির সম্পর্ক শেষ পর্যন্ত সত্যিকারের ভালোবাসায় পরিণত হতে পারে কি না—এই প্রশ্নের উত্তর খুঁজতেই নোরার গল্প এখন নেটদুনিয়ায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন