পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা এবং কারাগারে তার প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্বের ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। এ দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দিয়েছেন তারা। রোববার (২৩ আগস্ট) পাঠানো ওই চিঠিতে ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেন সাবেক ক্রিকেট অধিনায়কেরা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেবের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও রয়েছেন।
চিঠিতে বলা হয়, ৭৩ বছর বয়সী ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি এবং ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে সাবেক সতীর্থরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ ছাড়া সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করা হয়নি এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
ইমরান খানের বিষয়ে তিনটি প্রধান দাবি জানিয়েছেন সাবেক অধিনায়কেরা। প্রথমত, তার ব্যক্তিগত চিকিৎসকসহ একটি স্বাধীন চিকিৎসা বোর্ডের মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
দ্বিতীয়ত, আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের বাধা ছাড়াই প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে ইমরান খানের সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সাবেক ক্রিকেট অধিনায়কেরা আশা প্রকাশ করেছেন, পাকিস্তান সরকার দ্রুত বিষয়টির মানবিক সমাধান করবে এবং ইমরান খানের প্রয়োজনীয় চিকিৎসা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন