কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার ২১ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনেন। এতে কোনো যাত্রী হতাহত হননি।
রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের বাস থেকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসে থাকা যাত্রীদের মালামালও খুঁজে বের করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের এক যাত্রী জানান, তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ঢাকায় ফেরার পথে প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পান। পরে আগুন দেখতে পান। তবে চালক বা সহকারী তাদের আগুন লাগার বিষয়টি জানাননি বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে তাদের উদ্ধার করেন। আরেক যাত্রী জানান, পরিবারের সাত সদস্যসহ তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বাসে আগুন লাগার পর ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা দ্রুত জানালার কাচ ভেঙে তাদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান তিনি।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর যাত্রীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে জানালার কাচ ভেঙে তাদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার পর বাসের চালক ও সহকারীকে ভেতরে দেখা যায়নি বলে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন। তারা পালিয়ে গেছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন