আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে নতুন সমঝোতায় পৌঁছেছে ইরান। দীর্ঘ তিন সপ্তাহের আলোচনার পর দুই দেশ এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে তেহরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও নানা বাধার মধ্যেই দুই দেশের মধ্যে এ আলোচনা চলছিল।
ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঘায়েই বলেন, তিন সপ্তাহের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে একটি সমঝোতা হয়েছে। চুক্তির খসড়া তৈরি ও স্বাক্ষরের প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক কর্তৃপক্ষও আলোচনায় অংশ নিয়েছে। তবে এখনো চুক্তিটির সব বিষয় চূড়ান্ত হয়নি। কয়েকটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সেগুলোর সমাধান হলে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরান।
হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ জলপথ। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি ওমান উপসাগরকে পারস্য উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। ইরানের দাবি, ওমানের সঙ্গে এই সমঝোতা দুই উপকূলীয় দেশের স্বাধীন সিদ্ধান্তের ফল। এর মূল উদ্দেশ্য দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং হরমুজ প্রণালির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা।
তবে চুক্তিটি কার্যকর হওয়ার পর হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল কতটা স্বাভাবিক হবে, তা অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, নৌ অবরোধ ও অন্যান্য কর্মকাণ্ডের ওপর। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও নৌ অবরোধ বন্ধের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এদিকে, ইরান-ওমানের এই সমঝোতার আগে হরমুজ প্রণালি নিয়ে কঠোর মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন। এর প্রায় এক দিনের মধ্যেই ওমানের সঙ্গে চুক্তির ঘোষণা দিল তেহরান।
গত কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। সামরিক সংঘাত ও পাল্টাপাল্টি অবরোধের কারণে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নিয়ে ইরান ও ওমানের নতুন সমঝোতাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তির বাকি বিষয়গুলো কখন চূড়ান্ত হবে এবং এর ফলে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য কতটা স্বাভাবিক হবে, এখন সেটিই দেখার বিষয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন