কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ প্রাণহানি ঘটেছে। ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৬৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের উদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা প্রায় শেষের দিকে হলেও উদ্ধারকারীরা এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন।
ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এখন পর্যন্ত ৯ হাজার ৫৫০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বহু হাসপাতাল, স্কুল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কফি অঞ্চলের কেন্দ্রস্থল পেরেইরাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে ৮৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তৃতীয় বৃহত্তম শহর কালিতে মারা গেছেন ৭৪ জন।
কালির মেয়র আলেজান্দ্রো এডার জানিয়েছেন, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠলেও নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে মাত্র তিন দিন আগে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট আবেলফ্রেডো দে লা এস্প্রিয়েল্লা ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় জরুরি তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্কুল ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
দেশটিতে অর্থনৈতিক জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো শত শত মানুষ নিখোঁজ এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পুরোপুরি স্পষ্ট হচ্ছে না।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন