ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ যাচাই এবং শহীদ ওসমান হাদির উত্তরাধিকারীদের দাবির ভিত্তিতে প্রতিষ্ঠানটি দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। তিনি জানান, শহীদ ওসমান হাদি জীবদ্দশায় ইনকিলাব কালচারাল সেন্টার পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে তিনি সেই প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারেননি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, শুরু থেকেই ইনকিলাব কালচারাল সেন্টারকে জনসাধারণের একটি আমানত হিসেবে পরিচালনার চেষ্টা করা হয়েছে। শহীদ ওসমান হাদির মৃত্যুর পর গত কয়েক মাস ধরে উত্তরাধিকার-সংক্রান্ত বিষয়টির সমাধানে উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে ওঠে। এ কারণেই নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরও জানান, শহীদ ওসমান হাদির প্রতি সম্মান এবং তার উত্তরাধিকারীদের দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনার পর প্রতিষ্ঠানটি হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
নিজের দায়িত্ব পালনের সময়ে সহযোগিতা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রতিষ্ঠানটির আর্থিক বিষয়েও তিনি বক্তব্য দেন। তার ভাষ্য অনুযায়ী, শহীদ ওসমান হাদির মৃত্যুর পর সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো বর্তমানে স্থগিত রয়েছে। ফলে ওই সময়ের হিসাব এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে নিজের দায়িত্বকালীন অন্যান্য সব আর্থিক হিসাব দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে।
বার্তার শেষাংশে তিনি শহীদ ওসমান হাদির আদর্শ, ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম এবং সাংস্কৃতিক আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া কামনা করেন। একই সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে তার আনুষ্ঠানিক দায়িত্বের সমাপ্তির ঘোষণা দেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন