ঢাকা | |

দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাড়তে থাকা
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:২৬ সময়
দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাড়তে থাকা রোগীর চাপ সামাল দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আগের বছরের তুলনায় আরও গুরুতর হতে পারে। স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বড় হাসপাতালগুলোতে বর্তমানে শয্যা সংখ্যার তুলনায় প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন অসংক্রামক রোগ, দুর্ঘটনা এবং সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের পাশাপাশি ডেঙ্গু ও হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ কয়েকগুণ বেড়েছে।


রাজধানীর অন্যতম বৃহৎ সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন, বিদ্যমান সংকটের মধ্যেই প্রতিদিন নতুন করে ডেঙ্গু ও হাম রোগী ভর্তি হচ্ছেন। ফলে অনেক ক্ষেত্রে অন্যান্য রোগীর চিকিৎসাসেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কয়েক হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। পাশাপাশি হাম রোগীর সংখ্যাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।


বিশেষজ্ঞরা বলছেন, এবার রাজধানীর চেয়ে জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গুর ঝুঁকি বেশি। বিশেষ করে গ্রামীণ এলাকায় এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় সেসব অঞ্চলে বড় ধরনের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। গত বছর দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর বিস্তার নতুন মাত্রা পেয়েছিল, যার পুনরাবৃত্তির শঙ্কা করছেন তারা। কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. গোলাম ছারোয়ার বলেন, সারা দেশে জরুরি ভিত্তিতে এডিস মশার ঘনত্ব নির্ণয় এবং নিধন কার্যক্রম জোরদার করতে হবে। মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে।


অন্যদিকে রাজশাহীতেও এডিস মশার প্রজনন উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সেখানে ডেঙ্গুর সংক্রমণ ব্যাপক আকার ধারণ করতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এখনই সারা দেশে সমন্বিত মশক নিধন অভিযান চালানো এবং স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় করা জরুরি। একই সঙ্গে জনগণকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এডিস মশা নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ