ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযানে তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্বঘোষণা বা পর্যাপ্ত নোটিশ ছাড়াই এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে। অভিযানের পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের অন্যতম ইসলামি সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ।
ঘটনার পর সংগঠনটির একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে। প্রতিনিধি দলের সদস্যরা দাবি করেন, ধর্মীয় স্থাপনাগুলো অপসারণের আগে সংশ্লিষ্টদের কোনো কার্যকর নোটিশ দেওয়া হয়নি। এ বিষয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলেও অভিযোগ করা হয়েছে। উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে একটি ঐতিহাসিক মসজিদও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দাবি, দীর্ঘ কয়েক দশক ধরে এলাকাটিতে ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল এবং স্থাপনাটি স্থানীয়ভাবে পরিচিত একটি ধর্মীয় নিদর্শন হিসেবে বিবেচিত হতো।
মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অভিযোগ, অভিযানের সময় তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ঘটনাস্থলের কাছে যেতে দেওয়া হয়নি। এমনকি বাধা দেওয়ার চেষ্টা করলে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত অভিযানের অংশ হিসেবে মোট ৩০টি অবকাঠামো অপসারণ করা হয়েছে। এর মধ্যে ধর্মীয়, বাণিজ্যিক এবং আবাসিক স্থাপনা ছিল। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে। উচ্ছেদ প্রক্রিয়া, নোটিশ প্রদান এবং ধর্মীয় স্থাপনা অপসারণের বৈধতা নিয়ে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন