ঢাকা | |

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সার্বিক ও সুষম উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। সরকারি
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৪৪ সময়
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সার্বিক ও সুষম উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। সরকারি দলের সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।


প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত থাকবে না। নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন ও কর্মপরিধি নিয়েও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, গঠনমূলক সমালোচনা এলে সরকার তা ইতিবাচকভাবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি সংসদে অনুষ্ঠিত একটি বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, বিরোধী দলের সদস্যরা যাতে উন্নয়ন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতের দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, বিনিয়োগ সহজীকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে। তিনি আরও জানান, আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করতে অনলাইন সেবা চালু করা হয়েছে, নীতি হালনাগাদ করা হচ্ছে এবং নতুন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য সক্ষমতা বাড়ানো হচ্ছে। বিশেষ করে গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন বন্দর উন্নয়ন প্রকল্প দ্রুত এগিয়ে চলছে।


বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন প্রণোদনা ব্যবস্থা চালু করা হয়েছে এবং বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এছাড়া সামাজিক সুরক্ষা ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান এবং কৃষিঋণ মওকুফসহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।


প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়োগ ও পদায়নে সততা ও দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, আগামী পাঁচ বছরের জন্য একটি বিস্তৃত উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে