বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর ভূমিকার প্রশংসা করেন বলে জানানো হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। এ সময় সিঙ্গাপুর সফরের জন্য ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান হাইকমিশনার। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানও উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন