দেশের বিভিন্ন অঞ্চলে রোববার সকাল থেকেই ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে কয়েকটি এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁদপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এই পরিস্থিতিতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন