চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি কার্যক্রম শুরু করেছে। স্থানীয় সরকার বিভাগ গত ৩০ এপ্রিল কমিটি গঠনের প্রজ্ঞাপন জারির পর থেকেই মাঠপর্যায়ে কাজ, সভা ও তদারকি শুরু হয়েছে। কমিটির লক্ষ্য হলো নগরের খাল ও নালা নিয়মিত সচল রাখা এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ইতোমধ্যে ৫০০টির বেশি নালা এবং ২৫টির বেশি খাল পরিষ্কারের বড় ধরনের উদ্যোগ নিয়েছে, যেখানে পলি, ময়লা ও বর্জ্য অপসারণ করা হচ্ছে দ্রুতগতিতে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন। এছাড়া সেনাবাহিনী, চট্টগ্রাম ওয়াসা, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ, বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি এতে যুক্ত আছেন। বিশেষজ্ঞ সদস্য হিসেবে রয়েছেন জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ।
সূত্র জানায়, প্রথম সভাতেই বর্ষা মৌসুমকে সামনে রেখে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নিয়মিতভাবে জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন ও বাধা অপসারণের কাজ চলছে। চসিকের তথ্যমতে, নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে খাল ও নালা থেকে বর্জ্য অপসারণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—খাল-নালা সারা বছর সচল রাখা, বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজ সমন্বয় করা, নতুন প্রকল্প গ্রহণ, চলমান কাজ তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান।
এর আগে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা সমস্যার পূর্ণ সমাধান হয়নি। বর্ষার প্রথম বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কমিটির সদস্যসচিব মো. আশরাফুল আমিন বলেন, “সব সংস্থা এখন একসাথে কাজ করছে। বর্ষার আগে নগরবাসীকে স্বস্তি দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন