পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মহানগর ও জেলা পুলিশের শার্টের রং আগের মতোই বহাল থাকবে, তবে সব সদস্যের প্যান্ট হবে খাকি রঙের। বিষয়টি সোমবার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পোশাক নিয়ে অসন্তোষ এবং পুলিশের প্রস্তাবের ভিত্তিতেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান পোশাক নিয়ে সবাই সন্তুষ্ট নয়। তাই ঐতিহ্য ও বাস্তবতা বিবেচনায় পরিবর্তন আনা হয়েছে।”
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর পুলিশের সদস্যরা হালকা জলপাই বা লাইট অলিভ শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন। অন্যদিকে জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট ব্যবহার করবেন। ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের প্রতীক হিসেবে ‘খাকি’ রং ব্যবহৃত হয়ে আসছে। প্রায় দুই দশকের বেশি সময় পর আবারও সেই রঙের অংশ ফিরছে পুলিশের ইউনিফর্মে। ২০০৪ সালে পুলিশ পোশাকে বড় পরিবর্তন আনা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে একাধিকবার ইউনিফর্ম পরিবর্তন হলেও এবার আবারও নতুন নকশায় খাকি প্যান্ট যুক্ত করা হলো। সরকারের দাবি, এটি একটি ঐতিহ্যভিত্তিক ও ব্যবহারিক সিদ্ধান্ত। তবে পোশাক পরিবর্তনের ব্যয়ের বিষয়টি নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, নতুন ইউনিফর্ম বাস্তবায়নে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হবে।
এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক পুলিশে বদলি ও রদবদল সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় হয়েছে। অপরাধীদের জামিন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন, এসব বিষয় আদালত ও তদন্তের ওপর নির্ভরশীল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতে তা আরও স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন